Fri 7th Aug 2026, 4:38 am

রাশমিকা মান্দানার সাফল্যের উড়ান ক্রমে ঊর্ধ্বমুখী

রাশমিকা মান্দানার সাফল্যের উড়ান ক্রমে ঊর্ধ্বমুখী
পরপর দুটি সুপারহিট ছবি, ‘অ্যানিমেল’ এবং ‘পুষ্পা ২’-এর মাধ্যমে রাশমিকা মান্দানা তার ক্যারিয়ারে উড়ান চালিয়ে যাচ্ছেন। পুষ্পার সফলতা শেষ না হতেই তিনি আরেকটি ব্লকবাস্টার উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খুব শিগগিরই তাকে ‘ছাবা’ ছবিতে দেখা যাবে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড তারকা ভিকি কৌশল। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিটি নিয়েও অনেকের ধারণা, এটি বক্স অফিসে দারুণ সফল হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রাশমিকা তার সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে চলেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে তার সফলতা নিয়ে কথা বলেন এবং বলেন, "সুখ-সুবিধা, লাক্সারি জীবনযাত্রা সবকিছুই সাময়িক। আমি সবসময় আমার শিকড়ের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করি।" তিনি আরও বলেন, দীর্ঘ সময় কাজ করার ফলে অনেক সফল মানুষদের কাছ থেকে তিনি শিখেছেন, যারা আকাশছোঁয়া সফলতার পরেও মাটিতে পা রেখে চলেন এবং সফলতাকে কখনও নিজেদের মাথায় চড়তে দেন না।

রাশমিকা তার বিনম্র ব্যবহারের জন্যও পরিচিত। পাপারাজ্জিদের সঙ্গে তিনি সব সময় মিষ্টি ও নম্র আচরণ করেন এবং তার এ মিষ্টি স্বভাবের কারণে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, "আমার সৌভাগ্য যে, বিনম্র থাকার জন্য আমাকে আলাদা কিছু করতে হয় না। আমি এমনই একজন মানুষ, এবং আমার মাথায় সবকিছু পরিষ্কার। আমি বিশ্বাস করি, আমাদের যা কিছু ভালো লাগে, তা একপলকে আসতে পারে এবং আবার পলকে চলে যেতে পারে। আমার ব্যবহারই আমাকে মাটির সঙ্গে জুড়ে রেখেছে।"

‘ছাবা’ ছবিতে রাশমিকা অভিনয় করবেন মহারানি ইয়েসু বাইয়ের চরিত্রে, যিনি ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের স্ত্রী। ছবিটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এবং ভিকি কৌশলকে দেখা যাবে সম্ভাজি মহারাজের চরিত্রে।